এই মুহূর্তে চাপে আছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক : প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাকিবের দল জিতেছে ১২ রানে।

টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশ এখন বেশ আত্মবিশ্বাসী। ম্যাচের জয়ের নায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে ৪৪ বলে ৭৪ রানের ঝড় উপহার দেন দেশসেরা ওপেনার। তাকে সঙ্গ দেন সাকিব আল হাসান। অধিনায়ক সাকিব ৩৮ বলে করেন ৬০ রান। দুজনের চতুর্থ উইকেটে ৯০ রানের জুটিতে বাংলাদেশ পায় বড় সংগ্রহের ভিত। ভালো পুঁজি নিয়ে বোলাররা দারুণ বোলিং করে বাংলাদেশকে এনে দেন কাঙ্খিত জয়।

তৃতীয় ম্যাচে হবে সিরিজ নির্ধারণ। ফ্লোরিডায় আগামীকালই মাঠে নামবে দুই দল। তামিম ইকবাল মনে করেন, দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশ অনেকটাই স্বাগতিকদের থেকে এগিয়ে আছে। তার মতে, এই মুহূর্তে চাপে আছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ শেষে তামিম বলেছেন,‘অবশ্যই তারা চাপে আছে। ওয়ানডে সিরিজ যেভাবে শেষ হয়েছে সেইভাবে আমরা প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারিনি। কিন্তু আমরা জানতাম আমাদের পক্ষে ভালোভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমরা আজ ঘুরে দাঁড়িয়েছি।’

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী তামিম,‘নিঃসন্দেহে তারা বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলের একটি। তবে আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমরা যেকোনো দলকেই হারাতে পারব। ম্যাচটি জয়ের পর আমাদের সেই আত্মবিশ্বাস বেড়ে গেছে।’

নিজের ব্যাটিং নিয়ে তামিম বলেছেন,‘প্রথম ম্যাচে সুযোগ নিয়েছিলাম কিন্তু হয়নি। আজ আমি স্থির হয়ে খেলেছি। শুরুতে সময় দেওয়ার পরবর্তীতে আক্রমণে গিয়েছি। সঠিক সময়ে আমি জ্বলে উঠেছি। সাকিব অবিশ্বাস্য ইনিংস খেলেছে। আমার থেকে চাপ কমিয়ে দিয়েছিল।’