একমাত্র গোলে লিভারপুলকে হারিয়েছে চেলসি

ক্রীড়া ডেস্ক : প্রিমিয়ার লিগে অলিভিয়ের জিরুদের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়েছে চেলসি। এই জয়ে সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছ ‘ব্লুজ’রা।

স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ম্যাচের ৩২ মিনিটে চেলসির জয়সূচক একমাত্র গোলটি করেন জিরুদ। ভিক্টর মোজেসের কর্নার থেকে হেডে বল জালে জড়ান ফরাসি এই স্ট্রাইকার।

এই জয়ে পয়েন্ট টেবিলে পাঁচেই আছে চেলসি। তবে তৃতীয় স্থানে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র ৩ পয়েন্ট।

লিভারপুলের বাকি আর এক ম্যাচ, চেলসির দুটি। ৩৭ ম্যাচে লিভারপুলের ৭২ পয়েন্ট, ৩৬ ম্যাচে চেলসির ৬৯ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে চারে আছে টটেনহাম।

আগেই শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটির ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৭৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।