একাধিক সেভ করে ব্রাজিল-বেলজিয়াম ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক: গোলপোস্টের নিচে দাঁড়িয়ে একাধিক সেভ করে ব্রাজিল-বেলজিয়াম ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন গোলরক্ষক থিবো কৌতরিস।

বিশেষ করে ম্যাচের শেষ দিকে নেইমারের বাঁকানো শট বাঁচিয়ে প্রশংসিত হচ্ছেন চেলসির হয়ে খেলা এ গোলরক্ষক। নেইমার যেকোনো সময় বাঁকানো শট নিবেন, এমন ধারণা আগেই ছিল কৌতিরিসের। তাই মানসিকভাবে সব সময় নিজেকে প্রস্তুত রেখেছেন দীর্ঘদেহী এ গোল রক্ষক।

ম্যাচের শেষ প্রান্তে ডগলাস কস্তার বাড়ানো পাসে বাঁকানো শট নেন নেইমার। হাওয়ায় ভাসানো শট ছিল একেবারে গোলমুখে। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান কৌতিরিস। বামদিকে লাফিয়ে বল রুখে দেন উড়ন্ত গোলরক্ষক। নেইমারের শট রুখে দিয়ে বেশ উচ্ছ্বসিত কৌতিরিস। ম্যাচ শেষে নিজের পরিকল্পনা ও ম্যাচের সফল্য নিয়ে বিবিসি’র সঙ্গে কথা বলেন কৌতিরিস, ‘আমি জানতাম নেইমার বাঁকানো শট নিতে পছন্দ করে। আমি তাই সব সময় প্রস্তুত ছিলাম। তার শট আমাকে রুখতেই হবে। এবং আামি পেরেছি।’

‘আমাদের পরিকল্পনা আজ দারুণ ছিল। দিনটা আমাদের ছিল। আমার সব সময়ই স্বপ্ন ছিল বিশ্বকাপ খেলা। আমি খেলতে পারছি। আজকের জয়টা দারুণ ছিল। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে সবাই বলেছিল, হারলেও চলবে। কিন্তু আমরা জিতেই শেষ ষোলোতে উঠি।’ – যোগ করেন কৌতিরিস।

বিশ্বকাপের আগে কৌতিরিসকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। চেলসিতে শেষ মৌসুমে তার পারফরম্যান্স আহামরি ছিল না। তবুও তাকে বিশ্বকাপে কেন রাখা হয় সেটা নিয়ে ছিল প্রশ্ন। তাকে নিয়ে সমালোচনা করাকে ‘অন্যায্য’ বলেছেন কৌতিরিস। তার ভাষ্য,‘আমাকে নিয়ে অযথা সমালোচনা করা হয়েছে। পুরো বিষয়টি ‘অন্যায্য’। আমি বারবার প্রমাণ করছি আমি কে? আমার সামর্থ্য প্রমাণ করছি।’