এক পয়েন্ট এনে দিয়েছেন ফিলিপে কুতিনহো

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে ড্রয়ের বৃত্তেই বন্দী লিভারপুল। রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর ‘অল রেড’দের এক পয়েন্ট এনে দিয়েছেন ফিলিপে কুতিনহো।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৩ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ফার্নান্দো।

দুই মিনিট পরই হেডে স্বাগতিকদের জালে বল জড়িয়েছিলেন লিভারপুলের সাদিও মানে। তবে অফ সাইডের কারণে গোলটা বাতিল করে দেন রেফারি।

৩১ মিনিটে কুতিনহোর গোলে সমতায় ফেরে অতিথিরা। মানের সঙ্গে ওয়ান-টু খেলে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

পরে এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে মোহাম্মদ সালাহ, রবার্তো ফিরমিনো ও ড্যানিয়েল স্টারিজ সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।

তাই তো লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কণ্ঠে সুযোগ নষ্টের হতাশা, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং গোল করেছি মাত্র একটি। এটি ছিল পাগলাটে একটা ম্যাচ।’

টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। গ্রুপের অন্য ম্যাচে মারিবরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সেভিয়া। ২ পয়েন্ট নিয়ে মস্কো তিনে ও ১ পয়েন্ট নিয়ে মারিবর আছে সবার নিচে।