এগিয়ে গেল চেলসি

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির শিরোপা জেতা এখন সময়ের ব্যাপার। লিগে শেষ তিন ম্যাচের একটি জিতলেই শিরোপা নিশ্চিত দুর্দান্ত ফর্মে থাকা দলটির। ঘরের মাঠে গতকাল রাতে মিডলসবোরকে ৩-০ গোলে হারিয়েছে ব্লুজরা।

স্টামফোর্ড ব্রিজে চেলসির জয়ে একটি করে গোল করেন ডিয়েগো কস্তা ও মার্কোস অ্যালানসো ও নেমেনজা মাতিচ। আর চেলসির বিপক্ষে এ হারের ফলে অবনমন নিশ্চিত হয়ে গেছে মিডলসবোরের।

ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটে কস্তার গোলে এগিয়ে যায় চেলসি। সেস ফ্যাব্রিগাসের বাড়িয়ে দেওয়া বল থেকে দারুণ দক্ষতায় মিডলসবোরের জাল কাঁপান কস্তা। ইংলিশ লিগে স্প্যানিশ এ তারকার এটি ২০তম গোল।

ম্যাচের ৩৪ মিনিটে অ্যালোনসোর গোলে ব্যবধান দিগুণ হয় চেলসির। ডান দিক থেকে সিজার আসপিলিকুয়েতার সহায়তায় এ গোলটি করেন তিনি। বিশ্রাম শেষে চেলসির হয়ে শেষ গোলটি করেন নেমেনজা মাতিচ। ম্যাচের ৬৫ মিনিটে ফ্যাব্রিগাসের পাস থেকে বল পেয়ে দারুণ নৈপুণ্যে মিডলসবোরের জালে পাঠান সার্বিয়ান এ তারকা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

ঘরের মাঠে এ জয়ের পর ইংলিশ লিগে চেলসির পয়েন্ট হলো ৩৫ ম্যাচে ৮৪। সমান ম্যাচে ৭ পয়েন্ট পিছিয়ে শিরোপা দৌড়ে টটেনহাম হটস্পার রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।