ক্রীড়া প্রতিবেদক : টেস্ট ক্রিকেটের অভিজাত দলের একটি তারা। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়কে অনেক বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। টেস্ট শুরুর আগে ম্যাচটাকে ঐতিহাসিক বলতে নারাজ ছিলেন মুশফিক। আজ ঢাকা টেস্ট চার দিনে জয়ের পর অবশ্য ম্যাচটা ঐতিহাসিক হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই এটা তো অনেক বড় একটা অর্জন। এখন বলতে পারি এই ম্যাচটা ঐতিহাসিক ছিল। আপনারা বলছিলেন, ১১ বছর পর খেলা। ম্যাচ কোনো দিন ঐতিহাসিক হয়। ফলের কারণে হয়তো কোনো ম্যাচকে মনে রাখা যায়। এটাকে আমি অনেক বড় অর্জন বলব।’
দেশের মাটিতে সর্বশেষ টেস্টে গত বছর ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। মুশফিকের দল পরের টেস্টেই হারাল অস্ট্রেলিয়াকে। চার দিনই অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াইয়ের তৃপ্তি মুশফিকের, ‘ইংল্যান্ড অনেক শক্তিশালী দল ছিল। সাম্প্রতিক সময়ে উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা ভালো না হলেও ওরা কিন্তু এখানে প্রায় সবাইকেই নিয়ে এসেছে। আমার মনে হয়, চার দিন লড়াই করেছি, সব সময় ওদের সঙ্গেই ছিলাম।’
চতুর্থ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৫৬ রান, আর বাংলাদেশের ৮ উইকেট। ওয়ার্নার-স্মিথের জুটিটাও বেশ জমে গিয়েছিল। তবে নিজেদের ওপর পূর্ণ বিশ্বাস ছিল বলে জানালেন মুশফিক, ‘আমি বলব, আজকে ওরা একটু এগিয়ে ছিল। তারপরও উইকেটে যেমন সহায়তা ছিল স্পিনারদের জন্য আর ওদের ওপরের দুই ব্যাটসম্যান ছাড়া আর যারা আছে তাদের এই ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা কমই আছে, তাতে এতটুকু বিশ্বাস আমাদের ছিল’।
এই জয় দলকে আরো আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই জয়গুলো আমাদের মতো দলকে আরো আত্মবিশ্বাসী করে তোলে। এই ধরনের অভিজ্ঞতাগুলো সব সময়ই কাজে লাগে। আবার যখন এই ধরনের পরিস্থিতিতে পড়ব আরো ভালোভাবে সামলাতে পারব আমরা। আমি মনে করি, এটা অনেক বড় একটা বিবৃতি।’


