মোঃ নাজমুল ইসলাম যশোর সদর প্রতিনিধি: ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলায় শুরু থেকেই মশা নিধনে নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে যশোর পৌরসভা। তবে এবার মশা দমনে নাগরিকদের সম্পৃক্ত করতে অভিনব পন্থা বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। মশার বংশ বিস্তার রোধে পৌরসভা থেকে নাগরিকদের কাছে স্প্রে মেশিন ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে নাগরিকরা নিজেরাই ওষুধ ছিটিয়ে বাড়ির আশপাশের মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করে দিতে পারেন।
যশোর পৌরসভা সূত্র জানায়, পাঁচ হাজার স্প্রের সাথে বিনামূল্যে সমান সংখ্যক ওষুধ বিতরণ করা হবে। পাশাপাশি পাঁচটি বাড়ির বাসিন্দাদের জন্য একটি স্প্রে মেশিন ও এক বোতল কীটনাশক দেওয়া হবে। সূত্র মতে যশোর পৌরসভায় সরকারি প্রতিষ্ঠান বাদে ব্যক্তি মালিকানাধীন ২৪ হাজারের বেশি হোল্ডিং নাম্বার রয়েছে। পাশাপাশি অবস্থানের পাঁচটি হোল্ডিংয়ের বাসিন্দাদের জন্য একটি স্প্রে মেশিন ও এক বোতল মশা নিধনের ওষুধ বরাদ্দ রাখা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলদের তত্ত্বাবধায়নে এগুলো বিতরণ করা হবে।
জানা যায়, প্রতিটি স্প্রে মেশিনের ধারণ ক্ষমতা দুই লিটার। এতে দুই লিটার পানির সাথে পৌরসভা থেকে দেওয়া মশা মারার ওষুধের বোতল থেকে এক মুখটি পরিমাণ ওষুধ মেশাতে হবে। তারপর সেটি মশার উৎপত্তি স্থল যেমন ড্রেন, জমে থাকা পানি ও বাড়ির পাশে ঝোপঝাড়ে ছিটাতে হবে। তাতে মশার লার্ভাগুলো ধ্বংস হয়ে যাবে।
গতকল রোববার যশোর পৌর কমিউনিটি সেন্টারের সামনে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধের জন্য আনুষ্ঠানিকভাবে এই স্প্রে মেশিন ও ওষুধ বিতরণের উদ্বোধন করা হয়। এদিন পৌরসভার নয়টি ওয়ার্ডে দশটি করে স্প্রে মেশিন ও তার সাথে ওষুধ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এছাড়া বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু, অরিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী ও ডেপুটি সিভিল সার্জন এফএ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
এসময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান চাকলাদর মনি, পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আহমেদ শাকিল, রাশেদ আব্বাস রাজ, আজিজুল ইসলাম শাহিন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নাসিমা আক্তার জলি, আইরীন পারভীন ডেইজি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সচিব আজমল হোসেন।


