এদিনে লক্ষ্মীপুরে প্রথম সফর করেন বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ গড়ার ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন তিনি। এরপর ২০ ফেব্রুয়ারি ‘দেশ গড়ার ডাক’ দিতে প্রথম সফর করেন চর পোড়াগাছা গ্রামে। গ্রামটি বর্তমানে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবস্থিত। তার পদধূলিতে ‘শেখের কিল্লা’ নামে একটি ফটক রয়েছে।

১৯৭২ সালের এদিন সকালে হেলিকপ্টারে করে উপজেলার পোড়াগাছা গ্রামে পৌঁছান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর সংক্ষিপ্ত ভাষণ শেষে ওড়া-কোদাল হাতে নিয়ে স্বহস্তে মাটি কেটে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন।

ইতিহাস সূত্রে জানা গেছে, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি (রামগতির বাসিন্দা, ২৩ জানুয়ারি ২০১৮) প্রয়াত মাহফুজুল বারীর কাছ থেকে নদীভাঙন কবলিত ভূমিহীন পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা শোনেন বঙ্গবন্ধু। সেসময় এমন দুঃখ-দুর্দশার কথা শুনে লক্ষ্মীপুরের রামগতি চর পোড়াগাছায় ছুটে আসেন তিনি। এটি সাবেক নোয়াখালী জেলাধীন রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের একটি গ্রাম।
তিনি ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি চর পোড়াগাছায় আসেন। তিনি ও তার সফর সঙ্গীরা দুটি হেলিকপ্টারে স্থানীয় বাগ্যারদোনা স্রোতহীন মেঘনা ঘেঁষে নতুন গড়ে ওঠা চর কলাকোপা মৌজার চর পোড়াগাছা পৌঁছান। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে বিশাল ব্যক্তিত্ব স্বপ্নমুখী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেমে আসেন। সেখানে তিনি একটি কিল্লায় দাঁড়িয়ে বক্তব্য দেন।

জনগণের উদ্দেশ্যে বলেন, ‘দেশ আমাদেরকেই গড়তে হবে, উৎপাদন বাড়াতে হবে, প্রত্যেক বাড়িতে একটি করে লাউ গাছ হলেও লাগাতে হবে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশ গড়ার কাজ ও অর্থনৈতিক মুক্তি আন্দোলনকে এগিয়ে নিতে হবে’।

সংক্ষিপ্ত ভাষণ শেষে কোদাল হাতে নিয়ে স্বহস্তে মাটি কেটে ওড়াতে দিলেন। তিনি সেখানে মাটি কেটে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করেন। তার এমন বক্তব্যে উদ্বুদ্ধ হন স্থানীয়রা। শুরু করেন দেশ গড়ার লক্ষ্যে রাস্তা সংস্কারের কাজ। আর নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান।

যে গ্রামের কিল্লায় দাঁড়িয়ে প্রথম দেশ গড়ার ভাষণ দিলেন, যেখান থেকে স্বেচ্ছাশ্রমে নিজ হাতে মাটি কেটে নোয়াখালী-রামগতি আঞ্চলিক সড়ক বাঁধার কাজ উদ্বোধন করলেন, সেই কিল্লাই আজ ‘শেখের কিল্লা’ নামে পরিচিত।
এ কিল্লার পাশেই গড়ে উঠেছে দেশের প্রথম ‘গুচ্ছগ্রাম’। যা আজ সারাদেশে ঠিকানা, আদর্শগ্রাম-গুচ্ছগ্রাম-আশ্রয়ণ প্রকল্প নামে ভূমিহীন ছিন্নমূলদের জন্য স্থাপন করা হচ্ছে।

রামগতি উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ জানান, ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তিনিও কয়েক হাজার মানুষের মতো গুচ্ছগ্রামে বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিলেন। ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর লক্ষ্মীপুরের এ গুচ্ছ গ্রামেই প্রথম সফর করেন বঙ্গবন্ধু।

চর পোড়াগাছায় বঙ্গবন্ধুর দেওয়া সেদিনের বক্তব্য শুনেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প’র প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এএইচএম নোমান।

তিনি বলেন, কিল্লার স্থানে একটি স্মৃতিস্তম্ভ, পর্যটক রেস্ট হাউজ, স্থানীয় সংস্কৃতি, বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসসহ পাঠাগার সম্বলিত ‘বঙ্গবন্ধু শেখের কিল্লা স্বপ্ন কমপ্লেক্স’ স্থাপন অত্যন্ত প্রয়োজন। এতে স্থানটির গুরুত্ব বাড়বে এবং মেঘনার নদীসহ একটি পর্যটন এলাকা গড়ে উঠবে।