এরপর আর সুযোগ পাবেন না?

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটের ইশ্বর বলা হয় তাকে। দীর্ঘ দুই যুগে ব্যাট হাতে ২২ গজ কাঁপিয়েছেন তিনি৷ ভক্তরা হতাশা, দুঃখ ভুলে যেতেন তাঁর ব্যাটিং-এ৷ টানা ২৪ বছর ধরে বিশ্বের ক্রিকেট ভক্তদের আনন্দে মাতিয়েছেন শচীন রমেশ টেন্ডুলকার৷

অথচ তাঁর মনে হয়েছিল, প্রথম যেদিন মাঠে নেমেছিলেন সেদিনই হয়তো তার শেষ মাঠে নামা! এরপর আর সুযোগ পাবেন না? কেন এমনটা শচীনের ভাবনায় এসেছিল? উত্তর দিয়েছেন শচীন নিজেই।

১৯৮৯ সালের ১৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক শচীনের। করাচিতে পাকিস্তানের মুখোমুখি হওয়াটা কতটা কঠিন ছিল তা ফুটে উঠেছে তার কন্ঠে,‘আমার জীবনের প্রথম ইনিংস, করাচিতে। আমি মনে করেছিলাম ওটাই আমার প্রথম এবং শেষ ইনিংস! প্রথম ম্যাচে আমার কোনো ধারণাই ছিল না। ওয়াকার ইউনিস এক প্রান্ত থেকে বোলিং করছিল এবং ওয়াসিম আকরাম আরেক প্রান্ত থেকে পুরো রিদমে ছিল। এবং আমি যখন মাঠে যাই তখন তারা বল রিভার্স করা শুরু করেছিল। ওই সময়ে মাঠে তাদের বিপক্ষে খেলা ছিল খুবই কঠিন। সত্যি বলতে, সব কিছু আমার চিন্তার বাইরে ছিল। তাই মনে করেছিলাম ওটাই হয়তো আমার শেষ ইনিংস।’


নার্ভাস টেন্ডুলকার সেদিন পারেননি। ২৮ মিনিট ক্রিজে থেকে ১৫ রান করে বোল্ড হন ওয়াকারের বলে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি। কিন্তু এক ম্যাচ পরই বদলে যান টেন্ডুলকার। ফয়সালাবাদে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৫৯ রান। টেন্ডুলকার কিভাবে পেরেছিলেন নিজেকে মানিয়ে নিতে? উত্তর দিয়েছেন ক্রিকেট ঈশ্বর,‘আমি ড্রেসিংরুমের প্রত্যেকের থেকে পরামর্শ নিয়েছিলাম। তারা প্রত্যেকেই আমাকে বলেছিল সময় দিতে। ‘‘এটা আন্তর্জাতিক ক্রিকেট। তুমি এই মুহূর্তে বিশ্বের সেরা বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলছ। তাদেরকে সম্মান করো।’’ দ্বিতীয় ইনিংসে আমি ৫৯ করেছিলাম। আমি ড্রেসিং রুমে ফেরার পর আয়নায় নিজেকে দেখি এবং বলি,‘‘তুমি করে দেখিয়েছ।’’’

ক্যারিয়ারের প্রতিটি মুহূর্তে টেন্ডুলকার ছিলেন শৃঙ্খল। নিয়ম মেনে প্রতিটি কাজ করছেন। প্রতিটি কাজ করতেন শতভাগ দিয়ে। তবে ক্রিকেট জীবনের শুরুতে অন্য সবার মতো টেন্ডুলকারও ‘ফাঁকি’ দিতেন। সেই রহস্যও ফাঁস করেছেন টেন্ডুলকার,‘আমি আমার জীবনের শুরুতে ততটা শৃ্ঙ্খলাবদ্ধ ছিলাম না। সুযোগ পেলে ফাঁকি দিয়েছি। তবে যত দিন গিয়েছে তত বুঝেছি শৃঙ্খলা কতো বড় জিনিস। বুঝেছি সকাল ৮টা মানে ৮টা, ৮টা ৫ মিনিট নয়। নিজেকে শৃঙ্খল করতেও আমাকে কষ্ট করতে হয়েছে। নিজের অভ্যাস পরিবর্তন করতে হয়েছে।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস