ক্রীড়া প্রতিবেদক : বাঁহাতের কনিষ্ঠ আঙুলের পুরোনো চোট আবারও বেড়েছে সাকিব আল হাসানের। এ কারণে শতভাগ সামর্থ্য দিয়ে ব্যাটিং করতে পারছেন না। প্রদাহ কমাতে ইঞ্জেকশন ব্যবহার করে কয়েক মাস ফ্রি ভাবে খেলতে পারলেও সমস্যা থেকে যাচ্ছে সাকিবের। দীর্ঘমেয়াদে এ সমস্যা সারাতে অস্ত্রোপচারের প্রয়োজন। অস্ত্রোপচার করালে দেড়-দুই মাস রিহ্যাবে থাকতে হবে সাকিবকে। চোটাগ্রস্ত আঙুলে ইঞ্জেকশন ব্যবহার করার পক্ষে নন সাকিব। যতদ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে চান। শতভাগ ফিট হয়ে মাঠে নামতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। সেটি হতে পারে এশিয়া কাপের আগেও। যদি এশিয়া কাপের আগে অস্ত্রোপচার করান তাহলে নিশ্চিতভাবেই এশিয়া কাপ টিভির পর্দায় দেখতে হবে তাকে। গত পরশু সাকিবের ইনজুরি নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন,‘হ্যান্ড সার্জনের কথা মত শর্ট টার্ম ম্যানেজমেন্টের জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কিন্তু লং টার্মে এটা খুব একটা কাজ করবে না। লংটার্মের জন্য অস্ত্রোপচার প্রয়োজন। এই অস্ত্রোপচার হলে প্রায় দেড়-দুইমাস রিহ্যাবের জন্য দরকার পড়বে।’ জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথ থেকেই আঙুলে ব্যথার কথা বলে আসছিলেন সাকিব। অস্ত্রোপচার করাবেন বলে মনস্থির করেছেন সাকিব নিজেও। ভবিষ্যতের কথা চিন্তা করেই তাঁর অস্ত্রোপচার জরুরি হয়ে পড়েছে।

বিসিবির এক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার শল্যবিদ ডেভিড হয় সাকিবের আঙুলে অস্ত্রোপচার করাবেন। বিসিবি আপাতত এ সিদ্ধান্ত নিতেই যাচ্ছে। সেক্ষেত্রে এশিয়া কাপে অনিশ্চিত হয়ে যাচ্ছে সাকিবের! আজ দেশে ফিরে সাকিব নিজের আঙুল নিয়ে গণমাধ্যমে বলেছেন,‘সবাই আমরা জানি যে সার্জারি করতে হবে। ওটা নিয়ে আলোচনা হচ্ছে কোথায় করলে ভাল হয়, কবে করলে ভাল হয়। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভালো। খুব সম্ভবত এশিয়া কাপের আগেই হবে। ফুল ফিট না থেকে খেলতেচাই না। কাজেই সেভাবে যদি চিন্তা করি, এশিয়া কাপের আগে হবে, এটাই নরমাল।’ ওয়ানডে ফরম্যাটে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। দারুণ ফর্মে থাকা সাকিবকে না পাওয়া বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা। মাশরাফির দলকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিল সাকিবের চোট।


