এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ

ক্রীড়া ডেস্ক : আগামী ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের পরবর্তী আসর। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে খেলবে মোট ছয় দল। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে তিন দল। সেখান থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনাল। এশিয়া কাপের আগের তিন আসরের আয়োজক ছিল বাংলাদেশ। ঘরের মাঠে তিন আসরে বাংলাদেশ একবারও চ্যাম্পিয়ন হতে না পারলেও পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে ২০১২ সালে ওয়ানডে ফরম্যাটে। পাকিস্তানের কাছে মাত্র ২ রানের হারে শিরোপা হারায় বাংলাদেশ। পরের আসরে ভালো করতে না পারলেও শেষ আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে অসাধারণ পারফরম্যান্সে আবারও ফাইনাল খেলে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ আবারও হেরে বসে। ২০১৬ সালে ভারতের বিপক্ষে পারেনি মাশরাফির দল। এবার বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। শেষ তিন আসর ঘরের মাঠে নিজেদের চিরচেনা কন্ডিশনে খেলেছিল বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতে। ভিন্ন কন্ডিশনের পাশাপাশি ভিন্ন ফরম্যাটে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফিগানিস্তান ও শ্রীলঙ্কা। তাদের হারিয়ে যেতে হবে সেরা চারে। এরপর ফাইনালে। আপাতত ফাইনাল নিয়ে ভাবছেন না তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের মতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচটি হবে বেশি গুরুত্বপূর্ণ। মিরপুরে আজ তামিম বলেছেন,‘এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। আমাদের প্রস্তুতিটা সে জন্যই। আমরা যদি এখন ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করি যেটা বুদ্ধিমানের কাজ হবেনা। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমাদের প্রথম দুই ম্যাচ জিততে হবে। প্রথম দুই প্রতিপক্ষ নিয়েই আমাদের পরিকল্পনা করা উচিত।’শ্রীলঙ্কা-আফগানিস্তানকে নিয়ে তামিম আরও বলেন,‘আমরা ভালো খেলে আমাদের দিনে ওদেরকে এর আগে হারিয়েছি। আশা করি এই দুইটি ম্যাচে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যাব এবং আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করব।’ সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা রয়েছে কেবল সাকিব ও তামিমের। পাকিস্তান সুপার লিগ খেলার সুবাদে সেখানে খেলেছেন দেশের সেরা দুই তারকা। উইকেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা তামিমের রয়েছে। দলের অনুশীলনে নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন বলে জানিয়েছেন বাঁহাতি ওপেনার। এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের পর ২৭ আগস্ট থেকে ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে।