‘ওভাররিঅ‌্যাক্ট’ এর কথা শিকার করলেন নেইমার

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে ভালো খেলতে পারেননি নেইমার। মাঠে বারবার পড়ে যাওয়ায় বিস্তর সমালোচনাও হয়েছে তাকে নিয়ে। জুটেছে ‘অভিনেতা’ তকমাও। এবার নেইমার স্বীকার করলেন, ফাউলের শিকার হওয়ার পর একটু ‘ওভাররিঅ‌্যাক্ট’ করেছেন তিনি। তবে নতুন এক মানুষ হিসেবেই আবার মাঠে ফিরবেন বলেও জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে নেইমারকে ঘিরে অনেক আশা ছিল ব্রাজিলের। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া থেকে বিদায় নেয় সেলেসাওরা। টুর্নামেন্টে নেইমার গোল করতে পেরেছেন মাত্র দুটি।

এই বিশ্বকাপে অবশ্য সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন নেইমার। তবে অনেকেরই অভিযোগ, ফাউলের শিকার হওয়ার পর প্রয়োজনের চেয়ে একটু বেশিই প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। এজন্য বেশ সমালোচিতও হয়েছেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড।

নেইমার বলছেন, তিনি কিছুটা বাড়াবাড়ি করেছেন ঠিকই, তবে মাঠে তাকে বেশ ভুগতে হয়েছে। নেইমার বলেন, ‘অনেকেই ভাবছে আমি বাড়াবাড়ি করেছি। অনেক সময় হয়ত কিছুটা করেছিও। কিন্তু সত্যিটা হচ্ছে, আমাকে মাঠে অনেক বেশি ভুগতে হয়েছে। আমি জানতাম না, কীভাবে এর থেকে বাঁচতে হবে। যখন আমি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাই না, তার কারণ এই নয় যে, আমি শুধু জিততে পছন্দ করি। তার কারণ, আমি আপনাদের হতাশ করতে শিখিনি।’

‘যখন আমাকে অভদ্র মনে হয়, তার কারণ এটা নয় যে, আমি নষ্ট ছেলে। কারণটা হলো, আমি জানি না কীভাবে হতাশার সঙ্গে মানিয়ে নিতে হয়। আপনাদের মনে হতে পারে, আমি খুব বেশি পড়ে যাচ্ছি। তবে বাস্তবতা হলো, আমি ভেঙে চুরমার হয়েছি। এটা অস্ত্রোপচার হওয়া গোড়ালি মাড়িয়ে দেওয়ার চেয়েও বেশি কষ্টকর’- যোগ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সব সমালোচনা মেনে নিয়ে নিজেকে এখন নতুন এক মানুষই দাবি করলেন নেইমার, ‘সমালোচনা মেনে নিতে সময় লেগেছে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনেছি। এখন আমি নতুন এক মানুষ, নতুনভাবেই মাঠে ফিরব। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু যে পড়ে যায় সে-ই কেবল উঠে দাঁড়াতে পারে। আমিও উঠে দাঁড়াব।’