ওয়ানডে গতিতে পিটিয়ে খেলে বড় লিড নিয়ে পঞ্চম দিনের প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। তিন উইকেটে ৫১২ রান নিয়ে দিন শুরু করে এই সেশনে পাঁচ উইকেট হারালেও স্কোরবোর্ডে ১৩৬ রান যোগ করেছে লঙ্কানরা।
আট উইকেটে ৬৪৮ রানের দলীয় সংগ্রহ নিয়ে লাঞ্চে যাওয়া সিংহলিদের লিড এখন ১০৭। ২৩ রান করে অপরাজিত আছেন সুরাঙ্গা লাকমল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে।
এর আগে, দিনের শুরুতেই নিজের পরপর দুই ওভারে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ধনঞ্জয় ও করুণারত্নেকে ফেরান তাসকিন। ধনঞ্জয় ১৬৬ ও করুণারত্নে ২৪৪ রান করেন। এর কিছুক্ষণ পর পেসার এবাদতের শিকারে পরিণত হন নিসাঙ্কা। নতুন ব্যাটসম্যান ডিকওয়ালা হাত খুলে খেলছিলেন। ৩৩ বলে ৩১ করে রান আউট হন তিনি। এরপর রানের গতি বাড়ান এতক্ষণ দেখেশুনে খেলতে থাকা হাসারাঙ্গা। তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৫৫ বলে ৪৩ রান।


