ওয়ানডে দলে ফিরলেন কার্তিক, ধাওয়ান, শার্দুল

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে ফিরেছেন দিনেশ কার্তিক, শেখর ধাওয়ান ও শার্দুল ঠাকুর। দলের বাইরে গেছেন লোকেশ রাহুল, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ছিলেন দিনেশ কার্তিক। ওই সফরে খেলেছিলেন ওয়ানডে ম্যাচ। তবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজে তাকে দলে রাখেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে সুযোগ পেলেও ম্যাচ খেলতে পারেননি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেছিলেন শেখর ধাওয়ান। পারিবারিক কারণে খেলতে পারেননি। তবে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন। টি-টোয়েন্টি সিরিজে ফেরার পর এবার ওয়ানডেতেও ফিরলেন বাঁহাতি ওপেনার।

কপাল পুড়েছে লোকেশ রাহুলের। শ্রীলঙ্কা সিরিজে বাজে পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া সিরিজে ঠিকই টিকে গিয়েছিলেন। কিন্তু সিরিজে কোনো ম্যাচেই মাঠে নামতে পারেননি। এবার দল থেকেও বাদ পড়লেন।

শেখর ধাওয়ান ফেরায় কঠিন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে টিম ইন্ডিয়া। ধাওয়ানের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মার পার্টনার ছিলেন আজিঙ্কা রাহানে। টানা চার হাফ-সেঞ্চুরি করে নিজের জায়গা পাকাপাকি করেছেন রাহানে। ধাওয়ান ফেরায় দল নির্বাচনে কোহলিকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। পাশাপাশি ৪ নম্বর পজিশনে কে ব্যাটিং করবেন সেটা নিয়েও দুশ্চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। একই পজিশনে একাধিক খেলোয়াড় থাকায় মাথা ঘামাতে হচ্ছে বেশ। হার্দিক পান্ডিয়া সবশেষ সিরিজে চারে ব্যাটিংয়ে নেমে দারুণ করেছেন। মানিশ পান্ডেও সুযোগগুলোকে কাজে লাগিয়েছেন। কার্তিক দলে ফেরায় নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ অক্টোবর প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে ভারত। ম্যাচটি হবে মুম্বাইয়ে। পরের দুটি ম্যাচ পুনে ও কানপুরে অনুষ্ঠিত হবে। ২৫ ও ২৯ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ভারত দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, মানিশ পান্ডে, কেদার যাদব, দিনেশ কার্তিক, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর পাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুর।