ক্রীড়া ডেস্ক : আগের দিন শাস্তি মেনে নিয়ে আপিল না করার কথা জানিয়েছিলেন স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ডেভিড ওয়ার্নার কী সিদ্ধান্ত নেন, সেটাই ছিল জানার অপেক্ষা। আজ নিজের সিদ্ধান্তের কথা জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন সহ-অধিনায়ক।
বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ওয়ার্নারও। এই শাস্তির বিরুদ্ধে আপিল না করার কথা তিনি টুইটারে জানিয়েছেন।
আজ স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত সিদ্ধান্ত জানানোর সময় ছিল। তবে নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগেই ওয়ার্নার টুইট করেছেন, ‘আজ আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছি, তাদের দেওয়া শাস্তি আমি পুরোপুরি মেনে নিয়েছি। আমি আমার কৃতকর্মের জন্য সত্যিই দুঃখিত। একজন ভালো ব্যক্তি, সতীর্থ ও রোল মডেল হতে আমি এখন সবকিছুই করব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফকে ৯ মাসের জন্য আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের এই নিষেধাজ্ঞা নিয়ে কম আলোচনা হয়নি। অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) বোর্ডের কাছে আবেদন করেছিল শাস্তি কমানোর।
তবে তিনজনই তাদের শাস্তি মেনে নিলেন। স্মিথ ও ওয়ার্নার আবার অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবেন ২০১৯ সালের এপ্রিলে, এর তিন মাস আগে ব্যানক্রফট। তবে স্মিথ দুই বছর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে পারবেন না। ওয়ার্নার ভবিষ্যতে কখনোই আর অধিনায়কের কোনো পদে বিবেচিত হবেন না।


