ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে। শুক্রবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ শুরুর আগে ট্রফি উন্মোচন করা হয়।

প্রেস বক্সে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড। ম্যাচ না থাকায় কাল উপস্থিত ছিলেন না নিউজিল্যান্ড অধিনায়ক।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন)উদয় হাকিম। আরও উপস্থিত ছিলেন টোটাল স্পোর্টস মার্কেটিং-এর প্রধান নির্বাহী মঈনুল হক চৌধুরী।


ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি গতকাল ডাবলিনে শুরু হয়েছে। বৃষ্টির কারণে বাংলাদেশ ও স্বাগতিক আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টস হেরে বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নামলেও ব্যাট করার সুযোগ হয় মাত্র ৩১.১ ওভার। এরপর টানা আড়াই ঘন্টা ধরে বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ ও আইরিশদের।