ক্রীড়া ডেস্ক: টেস্ট আর ওয়ানডেতে যাই হোক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও জানান দিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে গতকাল ২১ রানে জয় পেয়েছে গেইল-লুইসরা।
চেস্টার-লি-স্ট্রিটে গতকাল একমাত্র টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানায় ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে উইন্ডিজ ৯ উইকেটে হারিয়ে ১৭৬ রান করে। জবাবে ১৯.৩ ওভারে ১৫৫ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড।
জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই জেসন রয়কে হারিয়ে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। আরেক ওপেনার অ্যালেক্স হেলস কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জো রুট ও এউইন মরগানের আউটে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে স্বাগতিকরা।
উদ্বোধনী ব্যাটসম্যান হেলস ১৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করতে ২৭ বল খেলেন জস বাটলার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেসরিক উইলিয়ামস ও কার্লোস ব্র্যাথওয়েইট ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন সুনিল নারিন।
এর আগে ক্রিস গেইল ও এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা অসাধারণ হয় উইন্ডিজের। ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে দলীয় স্কোর ছাড়িয়ে যায় ১০০। কিন্তু দুর্দান্ত শুরু সুযোগ কাজে লাগাতে পারেনি পরের ব্যাটসম্যানেরা। ২১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে গেইল সপ্তম ওভারে রান আউট হয়ে যাওয়ার পর বড় ইনিংসের সম্ভাবনা ভালোমতোই টিকে ছিল লুইসের ব্যাটে। একাদশ ওভারের প্রথম বলে দলীয় স্কোর ১০৬ রানে এ বাঁ-হাতি ব্যাটসম্যান এবং পঞ্চম বলে মারলন স্যামুয়েলসের উইকেট লিয়াম প্ল্যাঙ্কেট তুলে নিলে রানের গতি কমে যায় সফরকারীদের।
দলের পক্ষে ২৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫১ রানের সর্বোচ্চ ইনিংস হাঁকান লুইস।
ইংল্যান্ডের হয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন।


