ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে ১৬ বছরের বাঁহাতি ফাস্ট বোলার

ক্রীড়া ডেস্ক : আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দলে নতুন মুখ চারজন। এর মধ্যে বাঁহাতি ফাস্ট বোলার কুয়ানা জোসেফের বয়স মাত্র ১৬ বছর।

বাকি তিন নতুন মুখ ১৯ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটসম্যান রেনিসে বয়েস, ২৩ বছর বয়সি অলরাউন্ডার ওকেইরা পিটার্স ও ২৫ বছর বয়সি ওপেনার ব্যাটসম্যান ফেলিসিয়া ওয়ালটার্স।

ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন জানিয়েছেন, গত বছর উদীয়মান খেলোয়াড়দের নিয়ে ক্যাম্পে নজর কাড়েন এই চার ক্রিকেটার।

তিন বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার শ্যানেল ড্যালি। তিনি সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৪ সালে। আরেক অলরাউন্ডার শাকুয়ানা কুইন্টিনি চোটের কারণে দলে জায়গা পাননি।

আগামী ২৪ জুন শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ ২৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আট দলের টুর্নামেন্টে বাকি দলগুলো হলো স্বাগতিক ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজ নারী দল:

স্টাফানি টেলর (অধিনায়ক), মেরিসা আগুইলেরা, রেনিসে বয়েস, শামিলিয়া কনেল, শ্যানেল ড্যালি, ডিনদ্রা ডটিন, আফি ফ্লেচার, কুয়ানা জোসেফ, কিশোনা নাইট, হেলি ম্যাথুস, আনিসা মোহাম্মেদ, ছেডিন ন্যাশন, ওকেইরা পিটার্স, শাকেরা সেলমান, ফেলিসিয়া ওয়ালটার্স।