ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা ভারতের

ক্রীড়া ডেস্ক : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ও উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত।

কুলদীপের একটি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও পন্তের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত ১৯ বছর বয়সি পন্ত।

চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা ওপেনার রোহিত শর্মা ও পেসার জাসপ্রীত বুমরাহ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা পাননি।

দলে তিন পেসার ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও উমেশ যাদব। স্পিন আক্রমণে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের কোচ কে থাকবেন, সেটা এখনো ঘোষণা করা হয়নি। চ্যাম্পিয়নস ট্রফি শেষে চুক্তির মেয়াদ শেষ হবে অনিল কুম্বলের। সফরের আগে নতুন কোচ নির্বাচন না হলে কুম্বলেই দায়িত্ব চালিয়ে যেতে পারেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে ভারত। সফর শুরু হবে ২৩ জুন। ২২ জুন লন্ডন থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবে ভারতীয় দল।

ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় দল :
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, অজিঙ্কা রাহানে, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও দিনেশ কার্তিক।