কক্সবাজারে আরো সাত রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় গত রোববার রাতে রোহিঙ্গাবোঝাই নৌকা ডুবির ঘটনায় আরো সাত রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে নৌকা ডুবির ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার দুপুরে জোয়ারে ভেসে আসে ওই সাত লাশ। এর আগে সোমবার কয়েক দফায় ১৮ জনের লাশ উদ্ধার করা হয়।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেন্টমার্টিন, টেকনাফ সদরের হাবিরছড়া ও রাজারছড়ায় জোয়ারের তীব্র স্রোতে লাশগুলো ভেসে আসে।পরে পুলিশ ও উপজেলা প্রশাসন লাশগুলো উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় দাফনের ব্যবস্থা করছে।এ পর্যন্ত উদ্ধার হওয়া ২৫ মৃতদেহের মধ্যে ১২ জন শিশু, ১১ জন নারী ও একজন পুরুষ রয়েছে।

রোববার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় সমুদ্রের উত্তাল ঢেউয়ের ধাক্কায় ওই নৌকা ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিজিবি ও স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার অভিযান চলে।

ওসি মাঈন উদ্দিন আরো বলেন, রোববার রাতে রোহিঙ্গারা মিয়ানমারের বুচিদংয়ের মাইদং পাহাড় পেরিয়ে নাইক্ষ্যংদিয়া হয়ে নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে একটি নৌকা প্রায় ৪০ জনের মতো রোহিঙ্গা নিয়ে টেকনাফে আসার পথে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা বদরমোকাম এলাকার ঘোলারচরে ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠায় নৌকা ডুবির এই ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট থেকে ৯ অক্টোবর পর্যন্ত নাফ নদী এবং সাগরে রোহিঙ্গাবাহী মোট ২৫টি নৌকাডুবির ঘটনায় ১৫৯ জনের লাশ উদ্ধার করা হয়। যার মধ্যে টেকনাফ থেকে ১৩১ ও উখিয়া থেকে ২৮ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশের মধ্যে ৮৩ জন শিশু, ৪৯ জন নারী ও ২৬ জন পুরুষ।