কনফেডারেশন্স কাপের শেষ ম্যাচেও পরাজয় এড়াতে পারল না রাশিয়া

ক্রীড়া ডেস্ক : কনফেডারেশন্স কাপের শেষ ম্যাচেও পরাজয় এড়াতে পারল না রাশিয়া। শনিবার রাতে কাজান স্টেডিয়ামে মেক্সিকো স্বাগতিক দলকে হারিয়েছে ২-১ ব্যবধানে।

প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারায় রাশিয়ার বিদায় প্রায় নিশ্চিত ছিল। স্বাগতিক দর্শকদের জন্য শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছিলেন রাশিয়ার অধিনায়ক। কিন্তু মেক্সিকোর শ্রেষ্ঠত্বের দিনে স্বাগতিক দর্শকদের হতাশ করে রাশিয়া। এ জয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনালে উঠেছে মেক্সিকো। এ গ্রুপের সেরা দল পর্তুগাল।

শনিবার রাতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রাশিয়া। ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আলেকসেন্ডার সেমিডোভ। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি রাশিয়া। পাঁচ মিনিটের ব্যবধানে মেক্সিকোর নেসটোর আরাজ্জু গোল করে দলকে সমতায় ফেরান।

১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর সাত মিনিটে জয়সূচক গোলটি পায় মেক্সিকো। মিগুয়েল হেরেরা লোপেজের ক্রস থেকে বল পেয়ে ডি বক্সের ভিতরে হেড দিয়ে গোল করেন রডরিগো লোজানো বাহেনা।

এরপর রাশিয়া একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার ইগর আকিনফিভকে। দশ জনের দল নিয়ে এরপর গোল হজম করেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে ব্যর্থ মিশন শেষ করে রাশিয়া।