সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি: রাজধানীর উত্তরায় বসবাসকারী কবির বিশ্বাস নিজের চেয়ে প্রায় ১০ বছরের বড় নূরজাহান খানমকে বিবাহ করেন। দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবনে তাদের সংসার ছিল সুখের—যেখানে জন্ম নেয় তিন পুত্র সন্তান।
তবে গত ৮ অক্টোবর ২০২৪ হঠাৎ করেই নেমে আসে অন্ধকার। অফিস থেকে বাসায় না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায়, নূরজাহান খানম একই অফিসের অফিস সহায়ক শাহাদাৎ হোসেন রানা (৩৮)-এর সঙ্গে পালিয়ে গেছেন। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় তিনি বাসা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যান।
পরবর্তীতে নূরজাহান অফিসে এলে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েলফেয়ার কমিটির সভাপতি ও সেক্রেটারির শরণাপন্ন হন কবির। তবে সমাধানের পরিবর্তে তাকে কিছু শর্ত দেওয়া হয়, যার মধ্যে ছিল স্টাফ কোয়ার্টার ত্যাগ করা। শর্ত মেনে নেওয়ার পরও কোনো কার্যকর সমাধান হয়নি। বরং অভিযুক্ত দুইজনকে ঢাকার বাইরে বদলি করা হয়—নূরজাহানকে ফরিদপুর এবং শাহাদাৎকে টাঙ্গাইলে।
সংসার রক্ষার আশায় এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে কবির বিশ্বাস তার স্ত্রীর নামে ২০ লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করেন। এছাড়াও পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় ৪৫ লক্ষ টাকা স্ত্রীর কাছে গচ্ছিত রাখেন।
ন্যায় বিচারের আশায় কবির বিশ্বাস ১৮ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন করেন। পরবর্তীতে ৬ এপ্রিল ২০২৫ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছেও লিখিত আবেদন জানান। এর প্রেক্ষিতে ৩১ জুলাই ২০২৫ তারিখে সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলেও, অভিযোগ অনুযায়ী এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এছাড়াও তিনি মোট ৮টি সরকারি দপ্তরে আবেদন করেছেন, যার মধ্যে রয়েছে—চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখা কার্যালয়।
আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যদি অনৈতিক কর্মকাণ্ড—যেমন পরকীয়া, প্রতারণা বা অসাদাচরণে জড়িত হন, তবে তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাকরিচ্যুতির মতো কঠোর শাস্তিও হতে পারে।
অনুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্ত শাহাদাৎ হোসেন রানাও বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে সরকার—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা।
এদিকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিষয়টির বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী সংখ্যায়।


