গাজীপুরে জমি দখলের চেষ্টায় উত্তেজনা—বসতভিটার ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ!

মোঃ আমিরুল ইসলাম: গাজীপুরের গাছা থানাধীন খাইলকুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র বসতভিটার ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছে। এতে করে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী নীল চাঁদের পরিবার দাবি করেছে, পরিকল্পিতভাবে তাদের জমি দখলের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে ক্ষোভ বুধবার প্রতিবাদে ফেটে পড়ে এলাকাবাসী। নীল চাঁদের পরিবারকে সঙ্গে নিয়ে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় দ্রুত দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

দলিলে যা আছে, বাস্তবে তার উল্টো! স্থানীয় সূত্র জানায়, খাইলকুর মৌজার এসএ ৮৩/আরএস ১৪ এবং এসএ ১০/আরএস ১৭ দাগে প্রায় ৯ শতাংশ জমি ক্রয় করেন সাইফুল ইসলাম ও জহির উদ্দিন চিশতি। দলিল অনুযায়ী, পশ্চিম পাশে ৪৬ ফুট লম্বা ও ৩ ফুট প্রশস্ত একটি সংযোগ পথ রয়েছে।

কিন্তু অভিযোগ—সেই পথ বাদ দিয়ে নীল চাঁদের বসতভিটার ওপর দিয়েই পূর্ব দিকে নতুন রাস্তা বের করার চেষ্টা চলছে।

ভূমিদস্যু চক্রের সম্পৃক্ততা! এ ঘটনায় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মাহতাব গাজীপুর মহানগরের ৩৩ নং ওয়ার্ডের সদস্য সচিব ও বৈষম্য বিরোধী আন্দোলনের এজাহার ভুক্ত আসামি ৩ মাস জেল খেটে জামিনে মুক্ত হয়ে ভূমি দস্যু চক্রের নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বিভিন্ন জমি বিরোধে হস্তক্ষেপের অভিযোগও রয়েছে।

ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সাংবাদিক পরিচয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের চেষ্টার কথাও জানিয়েছেন তারা।

ভুক্তভোগীর বক্তব্য: “আমরা আমাদের বৈধ জমিতে বসবাস করছি। অথচ আমাদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।”

অভিযুক্তের কোনো বক্তব্য নেই অভিযুক্ত জহির উদ্দিন চিশতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাঠে নেমেছে পুলিশ এ ঘটনায় গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংঘর্ষের আশঙ্কা এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।