করোনাঃ কুমিল্লায় উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, বাড়ি লকডাউন

জেলা প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ভোরে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শাহীনুর আলম সুমন সত্যতা নিশ্চিত করেছেন।

দাউদকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিল তালুকদার জানান, নিহত ওই ব্যক্তির বাড়ির সাতটি পরিবারকে শনিবার রাতে লকডাউন করার পর থেকে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা পাহারায় রেখেছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান জানান, শনিবার রাতে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির অসুস্থতার লক্ষণ করোনা ভাইরাসের উপসর্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশে মৃত ব্যক্তির বাড়ির সাত পরিবারকে লক ডাউন করা হয়।

তিনি জানান, সকালে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।