মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৪৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫২৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫১২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন।
দেশের ২০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪৯টি। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৭ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৫২ শতাংশ।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩৯ লাখ ২১ হাজার ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৪৭ হাজার ১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৫৭ লাখ ১১ হাজার ৬৬৭ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬৯ লাখ ১১ হাজার ২৯৯ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫৪ হাজার ২১৩ জনের।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


