করোনাঃ নারায়ণগঞ্জের জামতলায় এক ব্যক্তি মৃত্যু

করোনা ভাইরাস শনাক্ত
জেলা প্রতিবেদকঃ  করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে নারায়ণগঞ্জ শহরের জামতলায় ব্রাদার্স রোড এলাকার এক ব্যক্তি (৬০) মারা গেছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে সোমবার (৬ এপ্রিল) নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন
এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফা আলী, স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনাস্থলে গিয়ে সোমবার ওই বাড়িটি অঘোষিত লকডাউন করে দিয়েছেন।
ওসি আসলাম হোসেন বলেন, জামতলার একজন কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফা আলী বলেন, গিয়াসউদ্দিন ৪ এপ্রিল অসুস্থবোধ করেন। পরে তাকে ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেন স্বজনরা। সেখান থেকে পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলে ৫ এপ্রিল বিকেলে জানানো হয় তিনি মারা গেছেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, পুলিশ ও সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে আমি ছিলাম। আপাতত ব্রাদার্স রোডের পাঁচতলা ভবনের ৮টি পরিবারসহ পুরো বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, জামতলার উনি মারা গেছেন শুনেছি। কিন্তু এখনো বিস্তারিত পাওয়া যায়নি।
এর আগে একই এলাকায় ৩০ মার্চ ও ৪ এপ্রিল আরো দুজনের মৃত্যু হয়।