জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তার নমুনা পরীক্ষার রিপোর্ট এলে সেখানে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর আগে সোমবার (১৩ এপ্রিল) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের মেয়ে মারিয়াম আক্তার জানান, সোমবার তার মাকে নিয়ে জেনারেল হাসপাতাল ও খানপুর হাসপাতাল ঘুরে তারপর ঢাকা কুর্মিটোলা নিয়ে যান। সেখানে দুপুরে তার মৃত্যু হলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে মঙ্গলবার তিনি আক্রান্ত ছিলেন এবং করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে হাসপাতাল থেকে তাদের ফোনে জানানো হয়।
মৃতের পরিবারের বরাত দিয়ে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজিটিভ হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।


