দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৩২ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ৩০ হাজার ৪২ জনে।
শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ১২ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৬৬টি ল্যাবে ৩০ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ৩০ হাজার ৩৮৫টি। নমুনা শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ১৪৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৮১ জন ও নারী ৫১ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১০ হাজার ৪৯৬ জন ও নারী চার হাজার ২৮২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩০ জন ও ষাটোর্ধ্ব ৬৭ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে নয়জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন ও বাসায় ১৩ জন মারা গেছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৭৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৭ হাজার ২৭৮ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭১ হাজার ১১৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৩৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৩৮৪ জন।


