করোনায় বাতিল ম্যানইউ’র প্রীতি ম্যাচ

খেলা ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগ ফের মাঠে গড়াচ্ছে ১৭ জুন। তবে লকডাউনের পর ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রত্যাবর্তনের ম্যাচ খেলবে দুদিন পরে। ১৯ জুন টটেনহ্যাম হটস্পারের মাঠ সফরে যাবে রেড ডেভিলরা।

লিগের এই লড়াইকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল ম্যানইউ। প্রতিপক্ষও ঠিক ছিল- স্টোক সিটি। ম্যাচ হওয়ার কথা ছিল ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে।

মঙ্গলবার প্রীতি ম্যাচের সব কিছু ঠিকঠাক ছিল। মাঠে নামার জন্য দুদল প্রস্তুতও ছিল। ম্যাচ শুরুর আগ মুহূর্তে খবর আসে স্টোক সিটির কোচ মাইকেল ও’নেইল করোনায় পজিটিভ। সঙ্গে সঙ্গে বাতিল করা হয় অনুশীলন ম্যাচ। খারাপ খবরটা পেয়ে স্টোকসের ফুটবলাররাও ট্রেনিং গ্রাউন্ড ছাড়েন দ্রুত।

পঞ্চমবারের কোভিড-১৯ পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছিল কোচ মাইকেল ও’নেইলের। কিন্তু ষষ্ঠবারের পরীক্ষায় আর উত্তীর্ণ হতে পারেননি স্টোক সিটির এই কোচ। ৫০ বছরের এই ফুটবল গুরু করোনায় পজিটিভ ধরা পড়ে যান।

১৭ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় অ্যাস্টন ভিলা-শেফিল্ড ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে ফের শুরু হচ্ছে স্থগিত প্রিমিয়ার লিগ।