খেলা ডেস্কঃ নতুন করে আরো দুজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে প্রিমিয়ার লিগের ক্লাব সুত্র নিশ্চিত করেছে। এর মধ্যে একজন লিগ টেবিলের তলানির দল নরউইচ সিটির খেলোয়াড় হলেও অপরজনের পরিচয় নিশ্চিত করা হয়নি।
ক্লাবের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘সদ্য কোভিড-১৯ পরীক্ষায় নরউইচ সিটির একজন খেলোয়াড়ের দেহে পজিটিভি কেস পাওয়া গেছে। প্রিমিয়ার লিগের প্রোটোকল অনুযায়ী ওই খেলোয়াড়কে পুনরায় পরীক্ষার আগে সাত দিনের জন্য সেল্ফ আইসোলেশনে পাঠানো হবে।’
গোপনীয়তার স্বার্থে খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি নরউইচ। আগামী ১৯ জুন সাউদাম্পটনের বিপক্ষে নরউইচ সিটি মাঠে নামার কথা রয়েছে।
করোনা মহামারী কাটিয়ে আগামী ১৭ জুন থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। প্রথম দিনই মাঠে নামছে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত ১২০০ পরীক্ষার মধ্যে ওই খেলোয়াড় ও নাম প্রকাশ না করা ব্যক্তিটির দেহেই শুধুমাত্র কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রিমিয়ার লিগে এ পর্যন্ত সর্বমোট ৮৬৮৭টি পরীক্ষার মধ্যে নতুন দুটিসহ ১৬টি পজিটিভ কেস নিশ্চিত হয়েছে। আগের চার ধাপের পরীক্ষায় মাত্র দুটি পজিটিভ কেস এসেছিল।


