জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের আউটডোর সেবা ও পরামর্শ দিতে শহরের খানপুর তিনশ’ শয্যা হাসপাতালের সীমিত কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। এতে তিন শিফটে ২৪ ঘণ্টাই একজন করে মোট তিনজন ডাক্তার ও দুজন করে মোট ছয়জন নার্স দায়িত্ব পালন করবেন।
এছাড়া হাসপাতালটি কোভিড-১৯ রোগীদের জন্য আইসোলেট হাসপাতাল হিসেবে প্রস্তুত করার কাজ চলছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এ কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায়।
তিনি বলেন, সকাল থেকেই এখানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সীমিত আকারে সেবা দেওয়া হচ্ছে। এখান থেকে তাদের বিভিন্ন আউটডোর চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হবে এবং বিশেষ জরুরি প্রয়োজনে তাদের ঢাকায় পাঠানো হবে। তবে এখান থেকে নমুনা সংগ্রহ কিংবা পরীক্ষা করা হচ্ছে না।
তিনি আরও বলেন, হাসপাতালে ১১ এপ্রিল ঢাকা থেকে বিশেষ টিম এসেছিল তারা পুরো পরিকল্পনা করে দিয়ে গেছে। সে অনুযায়ী অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ করা হচ্ছে। এখানে ১০টি আইসিইউর সঙ্গে ভেন্টিলেশন সম্পন্ন শয্যা এবং ৪০টি আলাদা শয্যার ব্যবস্থা করা হচ্ছে। আসলে আইসোলেটেড হাসপাতাল করতে অনেকগুলো কাজ করতে হয়। এখানে তো একটি সাজানো বেড (শয্যা) অন্য স্থানে সরালেই হবে না, পুরো ভবনটিতেই কাজ করতে হচ্ছে। নতুনভাবে সবকিছু স্থাপন করতে হচ্ছে। অনেক সময়ের ব্যাপার হলেও এখন সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় দ্রুত করতে পারছি।


