নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে প্রথম করোনা পরীক্ষা ফলাফলে এক নারীর নেগেটিভ এসেছে। এরপর ওই নারীর বাড়িসহ আশপাশের আরও চার বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, গত ৭ এপ্রিল বাকেরগঞ্জ উপজেলা থেকে এক নারী করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালের দারস্থ হন। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে ওই নারীর বাড়িসহ আশপাশের চার বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার শেবামেকে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ওই চার বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়।
শেবামেকের মাইক্রোবায়োলজি বিভাগ সূত্রে জানা গেছে, শেবামেকের আরটি-পিসিআর ল্যাবে এটাই প্রথম করোনা ভাইরাস শনাক্তে টেস্ট ছিলো। আর নমুনা সংগ্রহের একদিন পর রিপোর্ট প্রকাশ করা হলো।


