কলকাতার একাদশে সুযোগ পাবেন সাকিব?

ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার ম্যাচ খেলার সুযোগও পাবেন আর একটিই। সাসেক্সে বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন। আজ রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ম্যাচটিই তাই সাকিবের শেষ ম্যাচ। আজ কলকাতার একাদশে সুযোগ পাবেন সাকিব?

চলতি আসরে প্রথম দেখায় ১৮৩ রান তাড়া করে পুনেকে ৭ উইকেটে হারিয়েছিল কলকাতা। সব মিলিয়ে আইপিএলে তিন ম্যাচে পুনের বিপক্ষে লক্ষ্য তাড়া করে তিনবারই জিতেছে দুবারের চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে পুনে। আজ পুনেকে হারালেই শীর্ষে উঠে যাবে কলকাতা। পাশাপাশি সেরা চারের (প্লে-অফ) টিকিটও অনেকটা নিশ্চিত হয়ে যাবে।

আজ নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের জায়গায় সাকিবের একাদশে ফেরার সম্ভাবনা আছে। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।