আন্তর্জাতিক ডেস্কঃ বার বার চেষ্টা করেও কলকাতার দুর্গাপুজো ‘দখল’ করতে পারেনি। দুর্গাপুজো দখল বার বার ধাক্কা খাওয়ার পরেও সর্বশেষ উদাহরণ মুখ্যমন্ত্রীর বাড়ির অনতি দূরে ‘সঙ্ঘশ্রী’ ক্লাবের পুজো।
কিছু দিন আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, ঐতিহ্যবাহী সঙ্ঘশ্রীর পুজোয় এ বছর সভাপতি হচ্ছেন রাজ্য দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সায়ন্তনবাবু নিজেও বলে ছিলেন, ক্লাব কর্তাদের সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছে। সঙ্ঘশ্রীর সহকারী সম্পাদক সৌরদীপ দত্ত জানিয়ে ছিলেন, এত দিন তাঁদের পুজোর উপদেষ্টা ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। তবে এ বছর তিনি পুজোয় নেই।
রবিবার সেই ক্লাবেরই পুজোর খুঁটি পুজোয় আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন কার্তিকবাবু। আর চেয়ারম্যান হিসেবে ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সায়ন্তনবাবু কিংবা তাঁর নাম যাঁরা বলেছিলেন, এ দিন তাঁদের কাউকেই দেখা যায়নি। এমনই যে হবে, তার আভাস অবশ্য আগেই দিয়েছিলেন ক্লাবের সভাপতি শিবশঙ্কর চট্টোপাধ্যায়। বলেছিলেন, ‘‘কার্তিক বন্দ্যোপাধ্যায় চিরকালই এ পুজোয় ছিলেন এবং এখনও আছেন। সায়ন্তন বসুর সঙ্গে এ পুজোর কোনও সম্পর্ক নেই।’’
এ দিন সায়ন্তনবাবু অবশ্য বলেন, তৃণমূল গায়ের জোরে পুজো নিজেদের দখলে রাখছে। তাঁর কথায়, ‘‘কখনও পুলিশ দিয়ে, কখনও অন্য উপায়ে তৃণমূলের নেতারা আমাদের ছেলেদের ভয় দেখাচ্ছেন। সঙ্ঘশ্রীতেও তা-ই হয়েছে। এখনও ৫৪টি পুজোর সঙ্গে আমরা যুক্ত। কিন্তু এখন সেগুলির নাম বলব না।’’
যদিও বিজেপির পুজো দখলের প্রবণতাকে এ দিনই কটাক্ষ করে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘‘পুজো কী ভাবে দখল করতে হয়, আমাদের কাছে আগে তার ট্রেনিং নিক বিজেপি। যে ভাবে তারা পঞ্চায়েত দখল করছে, সে ভাবেই পুজো দখলের চেষ্টা করছে। কিন্তু কোথাওই সফল হচ্ছে না।’’
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিমত, দীর্ঘদিন ধরে শহর এবং শহরতলীর ক্লাবগুলোর সঙ্গে যুক্ত তৃণমূলের নেতারা। সারা বছর ক্লাবের নানা কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন তাঁরা। ফলে পুজো দখলের লক্ষ্যে রাতারাতি ক্লাবগুলোর সঙ্গে তৃণমূলের সেই সম্পর্ক ভেঙে দেওয়া সহজ নয়। এবং সে কারণেই বার বার ধাক্কা খাচ্ছে বিজেপি। অর্থ সাহায্যের ‘প্রলোভন’ দেখিয়ে যত সহজে তারা পুজো দখল করে ফেলতে পারবে বলে ভেবেছিল, বাস্তবে তা সম্ভব হচ্ছে না।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা


