বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংস্থাটির অন্যতম শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার (১ মে) থেকে এই ঘোষণা কার্যকর হয়েছে। হঠাৎ করে দেশটির এমন সিদ্ধান্তের রহস্য নিয়ে নানা আলোচনার জন্ম দেয়। মূলত প্রতিদ্বন্দ্বী ও ওপেকের নেতৃত্বদানকারী সৌদি আরবকে ঘায়েল করাই ছিল আবুধাবির উদ্দেশ্য।
এক সময়ের ঘনিষ্ঠ মিত্র সৌদির সঙ্গে নানা কারণেই আরব আমিরাতে সম্পর্কটা চরম বৈরিতায় পৌঁছেছে। তবে সৌদিকে ঘায়েল করতে গিয়ে আরব আমিরাতের এমন সিদ্ধান্তের ফলে পুরো ওপেক ভেঙে যেতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আইয়ের এক নিবন্ধে এমন আশঙ্কার কথা তুলে ধরেছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক মোহামাদ আল মাসরি।
তার মতে, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে গভীর বিভেদ সৃষ্টি করেছে। এরই অংশ হিসেবে আবুধাবি আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মত বিশ্লেষক আল মাসরির। তেলের দাম যাতে পড়ে না যায় সে জন্য ওপেকের মাধ্যমে বিশ্ববাজারের জ্বালানি তেলের উৎপাদন ও দাম নিয়ন্ত্রণ করে থাকে সৌদি আরব
এর ফলে সৌদি আরব বেশি লাভবান হতো। কিন্তু ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ফলে আবুধাবি এখন নিজেদের ইচ্ছেমতো তেল উত্তোলন ও রপ্তানি করতে পারবে। ফলে দীর্ঘমেয়াদে দেশটি লাভবান হতে পারে এবং বিপাকে পড়তে পারে সৌদি আরব।
অন্যদিকে, আরব আমিরাতের সিদ্ধান্তে খুশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও। এর ফলে উভয় দেশই লাভবান হবে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ওপেকের নিয়ন্ত্রিত তেল উত্তোলন নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন।
এদিকে রিয়াদ ও আবুধাবির চলমান দ্বন্দ্ব আরব দেশগুলোর ঐক্যকে আরও দুর্বল করে দিতে পারে। ফলে মিশর এবং জর্ডানও নিজ নিজ পক্ষ নিয়ে আলাদা হয়ে যেতে পারে। এতে করে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের দিকে আরও ঝুঁকে পড়বে।
বিপরীতে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের দূরত্ব আরও বাড়বে। ২০২৩ সালে সৌদি আরব-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার দ্বারপ্রান্তে ছিল দুই দেশ। কিন্তু গাজা যুদ্ধের কারণে সেই প্রচেষ্টা ভেস্তে যায়। এবার দুবাইয়ের কারণে সৌদিকে ইসরায়েল থেকে আরও বেশি দূরে ঠেলে দেবে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের।


