কষ্টের জয় সিটির

ক্রীড়া ডেস্ক : চেনা মাঠ ইতিহাদ স্টেডিয়াম ম্যানচেস্টার সিটিকে বেশ ভালোই ভুগিয়েছে নিউক্যাসল ইউনাইটেডের খেলোয়াড়রা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ম্যানসিটি। ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লিগ শুরুর প্রথম দুই ম্যাচে জিতেলেও সবশেষ ম্যাচে তাদের ১-১ গোলে রুখে দেয় নবাগত দল উলভারহ্যাম্পটন ওয়ানডার্স। ঘরের মাঠে সিটির জয় একটি করে গোল পেয়েছেন রহিম স্টার্লিং ও কাইল ওয়াকার। রহিম স্টার্লিংয়ের গোলে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। তবে বিশ্রামে যাওয়ার আগেই তাদের ঘাড়ে চাপ বাড়ায় নিউক্যাসল। ম্যাচের ৩০ মিনিটে ইয়েডলিনের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। বিশ্রাম শেষে ম্যাচের ৫২ মিনিটে এগিয়ে যায় সিটি। প্রতিপক্ষের ডি বক্সে ৩০ গজ বাইরে থেকে কাইল ওয়াকারের জোরালো শটের গোল সিটিজেনদের ২-১ গোলে এগিয়ে দেয়। শেষপর্যন্ত এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। ইংলিশ লিগে ৪ ম্যাচের ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ম্যানসিটি। অন্যদিকে চার ম্যাচের ৪টিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইয়ুর্গেন ক্লুপের লিভারপুল।