কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। বুধবার এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় চলছে বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষনিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। এ ঘটনার দায় কোনো গোষ্ঠী এখনো স্বীকার করেনি বলেও জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, তারা দুটি বিস্ফোরণ ও গুলি বিনিময়ের শব্দ শুনেছেন। ধারণা করা হচ্ছে এটি সন্ত্রাসী হামলা।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়ের প্রবেশ মুখের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। এরপরই হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়ে যায়।

চলতি বছর রাজধানী কাবুলে একের পর এক হামলার ঘটনা ঘটে চলছে। এসব ঘটনায় এ পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছে। কাবুলের আশেপাশে ও অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও হামলার ঘটনা ঘটেই চলছে।