কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে আলম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কের চক শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। আলম উপজেলার হায়দারপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা বলেন, সকালে চক শাহবাজপুর এলাকায় রেললাইন দিয়ে হাটছিলেন আলম হোসেন। এ সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি চলে আসে এবং তিনি কাটা পড়েন। তিনি আরও বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।