কালীগঞ্জ বাস ও লেগুনা সংঘর্ষে নারীসহ ১০ জন আহত

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বাস ও লেগুনা সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ আগস্ট) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোর যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ১০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।