কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে সাদেক মিয়া (১৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাদেক মিয়া উপজেলার বাইল্লাপাড়া এলাকার রঞ্জু মিয়ার ছেলে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে করিমগঞ্জ পৌরসভার সিকদার বাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেনি সাদেক। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ওই এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


