কীর্তি গড়েছেন স্টোকস

ক্রীড়া ডেস্ক : ওভাল টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডার গড়েছেন দারুণ এক কীর্তিও।

মাত্র চতুর্থ ইংলিশ ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি, কমপক্ষে ৩ উইকেট এবং কমপক্ষে ৪টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন স্টোকস। ওভালে কাল দক্ষিণ আফ্রিকাকে ২৩৯ রানে হারাতে প্রথম ইনিংসে স্টোকস ব্যাট হাতে করেন ১১২, ম্যাচে নেন ৩ উইকেট এবং ৪টি ক্যাচ।

সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ইয়ান বোথাম। ১৯৮১ সালের আগস্টে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি, ম্যাচে ৫ উইকেট এবং ৪টি ক্যাচ নিয়েছিলেন প্রাক্তন ইংলিশ অলরাউন্ডার। বোথামের প্রায় ৩৬ বছর পর এ তালিকায় নাম লেখালেন স্টোকস।

অন্য দুজন হলেন বিল এডরিচ ও ফ্রাংক উলি। ১৯৪৭ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি, ম্যাচে ৩ উইকেট এবং ৪টি ক্যাচ নিয়েছিলেন এডরিচ। আর উলি ১৯১২ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি, ম্যাচে ৩ উইকেট এবং ৬টি ক্যাচ নিয়েছিলেন।