ক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে কুমিল্লার জয়ে বড় অবদান রাখেন জস বাটলার। আগের ম্যাচে চারে নেমে ২ রানে আউট হলেও আজ ওপেনিংয়ে ফিরে স্বরূপে ইংলিশ ক্রিকেটার।
৪২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪৪ রানের টার্গেট সহজ করে দেন বাটলার। ম্যাচসেরার পুরস্কার না পেলেও বাটলার মন জয় করেছেন কুমিল্লার সমর্থকদের।
লক্ষ্য তাড়া করার পরিকল্পনা জানাতে গিয়ে বাটলার ম্যাচ শেষে বলেন, ‘প্রথম ছয় ওভার দাপট দেখিয়ে ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল। আমরা সেটা করতে পেরেছি। আমাদের রান রেটও চেক করতে হতো। উইকেটও ভালো ছিল। এখানে যারা পরবর্তীতে ব্যাটিং করছে তাদের উইকেট সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছে। সেই ধারণাতে নিয়ে আজ আমরা লক্ষ্য তাড়া করেছি।’
ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও কুমিল্লার শুরুর দিকে বোলিং ছিল নির্বিষ। ৮ ওভারে চিটাগং ভাইকিংস স্কোরবোর্ডে যোগ করে ৮০ রান। শেষ ১২ ওভারে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। কোনো ছক্কা হজম না করে এ সময়ে মাত্র ৬৩ রান ব্যয় করে কুমিল্লার বোলাররা। এর নেতৃত্বে ছিলেন ম্যাচের নায়ক সাইফউদ্দিন। ২৪ রানে ৩ উইকেট নেন সাইফউদ্দিন। এছাড়া ডোয়াইন ব্রাভো ও রশিদ খানও বল হাতে দ্যুতি ছড়িয়েছে।
বোলিং নিয়ে বাটলার বলেন, ‘বোলিংয়ে আমাদের শুরুটা ভালো না হলেও রশিদ খান এবং অন্যারা শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ফলে ওরা বড় স্কোর গড়তে পারেনি।’
প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার। বলার অপেক্ষা রাখে না কুমিল্লার সাফল্য অনেকটাই বাটলার নির্ভর। বাটলারের ব্যাট হাসলে হাসবে কুমিল্লাও।


