কুমিল্লায় লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার অংশের নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের মো. মোরশেদ (২২) ও আনন্দ (১৮)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, দুই আরোহী চট্টগ্রামমুখী মোটরসাইকেলে ছিল। পেছন থেকে একটি লরি তাদের মোটরচালকটি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে দুজনেই মারা যান। মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইননানুগ কার্যক্রম শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।