কুম্বলের প্রতি অবিচার হয়েছে: দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক: কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার এক বছর পরই সরে দাঁড়াতে হয়েছে অনিল কুম্বলেকে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দ্বন্ধের জের ধরেই শেষপর্যন্ত দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে।

কুম্বলের প্রতি অবিচার হয়েছে। ভারতীয় কিংবদন্তি এ ক্রিকেটার আরও সম্মান পাওয়ার যোগ্য বলে জানিয়েছেন দেশটির আরেক প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

ইংল্যান্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে হারের দুই দিন পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কুম্বলে। ওই সময়ে ভারতের অধিনায়ক কোহলির সঙ্গে বনিবনা না হওয়াতেই দায়িত্ব ছেড়েছিলেন ভারতীয় কিংবদন্তী এ স্পিনার কুম্বলে।

কুম্বলেকে সমর্থন জানিয়ে দ্রাবিড় বলেন, ‘এটা অনিল কুম্বলের জন্য খুবই দুর্ভাগ্যজনক। তার প্রতি অবিচার করা হয়েছে। বাস্তবতা কি ছিল। বন্ধ দরজার আড়ালে আসলে কি ঘটেছিল? আমি এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। তবে এটা নিশ্চিতভাবে অনিলের জন্য দুর্ভাগ্যজনক। এটা এমন একটা ক্রিকেটারের বিপক্ষে ঘটেছে যিনি এই খেলায় একজন কিংবদন্তি। ভারতের টেস্ট ম্যাচ জয়ে অন্যদের চেয়ে অনেক বেশি অবদান রয়েছে তার। তাছাড়া কোচ হিসেবেও দারুণ সফল একটি বছর কাটিয়েছেন তিনি।’