কুয়াশায় অন্ধকার চারপাশ, ১০ ডিগ্রিতে তাপমাত্রা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশায় অন্ধকার চারপাশ। রয়েছে হিমেল বাতাসও। শীত বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।

বুধবার সকাল ৬টায় এ জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে ঘন কুয়াশায় চারপাশ অন্ধকার থাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তবে রোদ উঠলে দুপুরের দিকে তাপমাত্রা বাড়ছে।

জানা গেছে, প্রতিদিন বিকেলের পর থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। রাত ১০টা পর্যন্ত বাজারে মানুষের সমাগম থাকলেও শীতের কারণে সন্ধ্যার পর ফাঁকা হয়ে যাচ্ছে বাজার।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪-৬ কিলোমিটার; বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ৮-১২ কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে।