কুলিয়ারচরে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২৮ নভেম্বর (রোববার) তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

নিহত যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৬) ১ নং গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়ার মুহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে। নিহত দেলোয়ার ইউনিয়ন পর্যায়ের যুবলীগ নেতা ছিলেন।

জানা যায়, কুলিয়ারচর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়নের জাব্বা পাড়া ভোট কেন্দ্রে নৌকা ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে পরস্পরকে দোষারোপ করছে উভয় পক্ষই।

১ নং গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনের দিন জাব্বা পাড়া ভোট কেন্দ্রে সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।