কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুদক

কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি আমিন হাসানঃ দুর্নীতি দমন কমিশন দুদকের কুষ্টিয়ার কর্মকর্তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে। দুদকের কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক জাকারিয়া হোসেনের নেতৃত্বে একটি দল গতকাল বেলা ১১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন। এসময় দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রুগী সহ সংশ্লি­ষ্টদের সবার সাথে কথা বলেন। পরে রোগীদের সাথে প্রতারনার দায়ে এক দাললকে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২৮ দিনের কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে হাসপাতালের রান্না ঘর, প্যাথলজি রুম, ষ্টোররুম সহ বিভিন্ন বিভাগের নথিপত্র চেক করেন এবং তার কপি সংগে করে নিয়ে যান এবং কয়েকজন চিকিৎসক এবং কিছু ডায়াগনষ্টিক সেন্টারের ব্যাপারে জিঞ্জাসাবাদ করেন। উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ কুষ্টিয়ার বিভিন্ন পত্রপত্রিকায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অনিয়ম ও দালালের বিষয়ে সংবাদ প্রকাশ হয়ে আসছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনেরা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে। এই অভিযান স্বাগত জানিয়েছেন কুষ্টিয়া জেলার জনসাধারন।