কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের দাপটে চাহিদা বেড়েছে শীতবস্ত্রের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ পৌষের শুরুতেই দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের শীতবস্ত্রের চাহিদা ও বাড়ছে। শীত নিবারণে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেকেই ছুটছে শীতবস্ত্র কিনতে।
শীতকে প্রাধান্য দিয়ে কুড়িগ্রামের জেলার বিভিন্ন উপজেলার ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে বাড়ছে সব বয়সী মানুষের ভিড়। এসব দোকান থেকে কম দামের পোশাক কিনে থাকেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বর্তমানে এসব দোকানে প্রচুর শীতবস্ত্র বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, জেলার কমবেশি প্রত্যেকটা দোকানেই শীতের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। শীতের মাত্রা বাড়ায় এসব দোকানে ক্রেতা সাধারণের ভিড়ের মাত্রাও বেড়ে গেছে। অনেক দোকানে এক দামে পোশাক বিক্রি করছে। আবার বেশির ভাগ দোকানে দর দাম করে পোশাক কিনছেন অনেক। ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা বা তার অধিক দামের পোশাক বিকিকিনি হয় এসব দোকান গুলোতে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, বৃহস্পতিবার ভোর থেকে জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশা আর মেঘে আচ্ছন্ন জেলায় সূর্যের দেখা মিলছে না।তবে দুই-তিনদিনের মধ্যে বড় ধরনের একটি শৈত্যপ্রবাহ হতে পারে আবার হালকা বৃষ্টিপাতও হতে পারে।