কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার

কুড়িগ্রাম : রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার সীমান্তবর্তী অনন্তপুর বালাবাড়ী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

এ ঘটনায় কাশেমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা স্কুলছাত্রী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

ওই ছাত্রীর বাবা জানান, গত শুক্রবার বিকেলে তার মেয়ে (০৮) বাড়ির উঠানে খেলছিল। এ সময় আবুল কাশেম তাকে খেলনা কিনে দেবে বলে ফুসলিয়ে পাশের গোয়ালঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। আবুল কাশেমসহ তার আত্মীয়-স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে শিশুটির বাড়িতে হামলা চালায়। পালিয়ে রক্ষা পায় শিশুটির পরিবার।

মেয়ের অবস্থার অবনতি হলে শনিবার সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার বাবা। পরে তার উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আকতারা বেগম জানান, স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার এসআই মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।