আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কৃষি জমিতে পোকা ও ইঁদুর দমনে কীটনাশকের বিকল্প হিসেবে নিম ও মেহগনির বীজের নির্যাস দিয়ে প্রস্তুতকৃত জৈব বালাইনাশক ব্যবহার করে ধানের মাজরা, পাতা মোড়ানো পোকা দমন করছেন স্থানীয় কৃষকরা। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি এই কীটনাশক ব্যবহার করে সুফলও পাচ্ছেন তারা। এতে ক্ষেতের পোকা ও ইঁদুর দমনে একদিকে যেমন খরচ কমছে, অপর দিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় কয়েকজন নারী–পুরুষ বাড়ির আঙিনায় বসে নিম বীজ, পাতা ও মেহগনির ফল থেকে বিচি সংগ্রহ করে তা গুড়ো করছেন। সেই গুড়ো প্রক্রিয়াজাতের মাধ্যমে বিশেষ তেল প্রস্তুত করছেন তারা। এরপর সেই তেল স্প্রে মেশিনে পানির সঙ্গে মিশিয়ে ধানক্ষেতে কীটনাশকের বিকল্প হিসেবে ছিটিয়ে দিচ্ছেন।
প্রাকৃতিক পদ্ধতিতে এমন কীটনাশক তৈরিতে কৃষকদের সহযোগিতা করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তুষার কান্তি রায়। তিনি বলেন, দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে ঠিকই, কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনে ঘাটতি রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে জৈব কীটনাশক ছাড়া উপায় নেই। এ উপজেলার কৃষকদের কীটনাশকের বিকল্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরামর্শ অনুযায়ী তারা কাজও করছেন। ফলে ক্ষেতের পোকা দমনে একদিকে যেমন খরচ কমছে অপর দিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে কৃষক। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন করছে কৃষকরা।
উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃষক আয়ুব আলী,রতন মিয়া জানান, পোকামাকড়ের পাশাপাশি ইঁদুর ধানের ব্যাপক ক্ষতি করে। তাই এবার প্রথমবারের মতো জমিতে নিমের বীজ ও মেহগনির তেল ছিটানোর পর ইঁদুর আক্রমণ করতে পারেনি। আমরা বাড়ীতে বসেই প্রাকৃতিক কীটনাশক তৈরী করতে পারছি, এতে আমাদের অতিরিক্ত খরচ হচ্ছে না। জমিতে কীটনাশক ছিটানোর সময় নাক–মুখ ঢাকতে হয়,নতুবা স্বাস্থ্যের মারাক্তক ক্ষতি হতে পারে। 
জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান বলেন, ফসলে কীভাবে কীটনাশকের বিকল্প ওষুধ ব্যবহার করা যায় সেজন্য আমাদের কৃষি দফতর বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করছে। সে ক্ষেত্রে এ ধরণের জৈব পদ্ধতি নিঃসন্দেহে নিরাপদ|


